তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রকাশঃ Aug 5, 2026 - 15:41
তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং হামলায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কলেজে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া অভিযোগ করেন, আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা উসকানিমূলক বক্তব্য দিলে তারা প্রতিবাদ জানান। এরপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে অতর্কিত হামলা চালায়। তার দাবি, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এতে ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজু অভিযোগ করেন, আলোচনা সভায় যাওয়ার পর তারা ছাত্রদলের হামলার পরিকল্পনার খবর পান। শিক্ষকদের পরামর্শে কলেজ ত্যাগ করার পর চাষাঢ়া এলাকায় এবং পরে কলেজ রোডে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, এতে ছাত্রশিবিরের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে তাদের শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস ও আশপাশের এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
লোগো
Aug 5, 2026

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta