ফ্যামিলি কার্ডে দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার
ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি করলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির সময় সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দিতে হবে। যাদের ঘরবাড়ি নেই, তাদের তথ্য আগে সংগ্রহ করতে হবে।
তিনি বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ছাপরা ঘর ও নিম্নবিত্ত মানুষের কাছে যেতে হবে। দারিদ্র্যের মধ্যে থাকা এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের তথ্য সবার আগে নিতে হবে।
কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাকা ভবনের মালিক বা সচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার না দিয়ে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা প্রভাব বিবেচনা করা যাবে না। কাজের বিনিময়ে তথ্য সংগ্রহকারীদের সরকার ভাতা দেবে। এর বাইরে গিয়ে স্বজনপ্রীতি কিংবা দুর্নীতির আশ্রয় নিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
মতবিনিময় সভায় দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন ডেপুটি স্পিকার। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দিনের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।
-স্বাধীন/এমএ
ফ্যামিলি কার্ডে দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার

