কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বল্লমের আঘাতে নিহত ১
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে।
বল্লমের আঘাতে মৃত্যু
নিহতের পরিবারের দাবি, সকালে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এ সময় প্রতিপক্ষের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তাকে লক্ষ্য করে বল্লম ছুড়ে মারেন। বল্লমটি হালিমের গলায় বিদ্ধ হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কয়েকদিন ধরে উত্তেজনা
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় দুটি পক্ষের মধ্যে কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছিল।
স্থানীয়দের ভাষ্য, শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষের জন্য জড়ো হন। ওই এলাকায় যাওয়ার পথে হালিম সর্দারের ওপর বল্লম হামলা হয়।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
-স্বাধীন/এস
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বল্লমের আঘাতে নিহত ১

