অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে ইউএনওর ওপর হামলার অভিযোগ

প্রকাশঃ Sep 8, 2026 - 13:31
অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে ইউএনওর ওপর হামলার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় মঙ্গলবার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে সোমবার বিকেলে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের করতোয়া নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানটি কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি মেশিন ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় একটি ড্রেজার মেশিন ধ্বংস করার সময় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা নদী থেকে মেশিনটি ধ্বংস করার সময় বাঁধের ওপর থেকে তাঁদের লক্ষ্য করে ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করা হয়।

এ সময় রাজু শেখ নামের এক শ্রমিক গুরুতর আহত হন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

ইউএনওর ওপর হামলার খবর পেয়ে এসিল্যান্ড তামশিদ ইরাম খান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও বিষয়টিকে বড় করে দেখার মতো নয় বলে মন্তব্য করেছেন। তাঁর ভাষ্য, নৌকা থেকে পা পিছলে একজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।


-স্বাধীন দিগাস্ত/ এস

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে ইউএনওর ওপর হামলার অভিযোগ
লোগো
Sep 8, 2026

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে ইউএনওর ওপর হামলার অভিযোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta