বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিমুল হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিমুল হোসেন ও একই গ্রামের নবীন শাহর ছেলে শমজান আলী (৪০) সোমবার রাত আড়াইটার দিকে জোতকাদিরপুর স্কুলের পাশে ইয়ার আলীর বাড়িতে গরু চুরি করতে যান বলে অভিযোগ রয়েছে।
এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে আটক করেন। এরপর তাদের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে স্থানীয়রা জানান।
সোমবার সকালে তাদের দফায় দফায় মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, শমজান আলীর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, ‘তারা মাদকাসক্ত। এলাকায় তারা কোনো কাজ করে না। সোমবার রাতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। গরুর মালিক ইয়ার আলী বাদী হয়ে চুরির অভিযোগে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
-স্বাধীন/ এস
বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

