ফুচকার দোকানে উচ্চস্বরে হাসাহাসি, সংঘর্ষে আহত ৬

প্রকাশঃ Sep 11, 2026 - 16:03
ফুচকার দোকানে উচ্চস্বরে হাসাহাসি, সংঘর্ষে আহত ৬

ফরিদপুরের বোয়ালমারীতে ফুচকার দোকানে আড্ডার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাত ও মারধরে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শিশুপার্ক চত্বরে একটি ফুচকার দোকানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছিলেন পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে ঋত্বিক শেখ (২১) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে কাকন আহমেদ (২০)। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ঋত্বিকের পেটে ধারালো অস্ত্রের আঘাত এবং কাকনের মাথায় আঘাত লাগে। তাদের দুজনকে রাতে হাসপাতালে ভর্তি করা হলেও সকালে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুপার্কের সামনে দুটি আলাদা ফুচকা ও চটপটির দোকানে দুই পক্ষের কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে এক পক্ষ উচ্চস্বরে হাসাহাসি করলে অপর পক্ষ তাদের এমনটি না করতে নিষেধ করেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঋত্বিকের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দুজনকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ জানান, সংঘর্ষের ঘটনায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সকালে তারা ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে প্রথমে তর্কাতর্কি এবং পরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-স্বাধীন দিগাস্ত/এস

ফুচকার দোকানে উচ্চস্বরে হাসাহাসি, সংঘর্ষে আহত ৬
লোগো
Sep 11, 2026

ফুচকার দোকানে উচ্চস্বরে হাসাহাসি, সংঘর্ষে আহত ৬

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta