বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি
প্রথম দিন থেকেই বিরোধী দল সরকারের সঙ্গে অসহযোগিতা করে আসছে। তাদের এই অসহযোগিতার কারণেই কেউ কেউ (আওয়ামী লীগ) ডিসেম্বরে আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল প্রতিমুহূর্তে সরকারকে সব ধরনের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগ না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগ তারা পেত না।’
তিনি বলেন, বিরোধী দল সংসদে বসে ভালো কথা বললেও বাইরে গিয়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। গত ১৭ বছর যারা অত্যাচার-নির্যাতন করেছে, তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে আবার পালিয়ে যাচ্ছে। তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এখন যারা বিরোধী দল আছে, তারা ঢাকা থেকে রংপুর যাচ্ছে। তারা ঢাকা থেকে চট্টগ্রামেও গেছে। গ্যাসের জন্য আন্দোলন করছে, তেলের জন্য আন্দোলন করছে। যে বাংলাদেশে গ্যাস নেই, তেল নেই, সেখানে তারেক জিয়াকে এখনই গ্যাস দিতে হবে, এখনই সব বিদ্যুৎ দিতে হবে—এমন দাবি করা হচ্ছে। আমরা তো একটা ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর কি ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দেওয়া সম্ভব?’
তিনি আরও বলেন, ‘বিরোধী দল যে লংমার্চ বা রোডমার্চ করছে, সেখানে কি তেল খরচ হচ্ছে না? রাস্তাঘাটে মানুষের ক্ষতি হচ্ছে না? মানুষের চলাচলে যানজট সৃষ্টি হচ্ছে না? অসুস্থ রোগীদের কষ্ট পোহাতে হচ্ছে না? তাহলে বিরোধী দল কি ভালো কাজ করছে? তারা বারবার সংসদে বলছে, সরকারকে সহযোগিতা করবে। সহযোগিতার নমুনা যদি এ ধরনের হয়, তাহলে এটাকে কি সহযোগিতা বলা যায়?’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপিকে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। এভাবে ক্ষমতায় আসা সম্ভব কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, ‘এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে। ভোটের এক সপ্তাহ আগে হাতের মধ্যে আইডি কার্ড নিয়ে টাকা দিয়ে কিছু ভোট নিয়েছে। আমাদের কিছু মানুষের দুর্বল জায়গায় আঘাত করে কিছু ভোট নিয়েছে।’
এ কারণে ভবিষ্যতে সবাইকে আরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের সুযোগ নিয়ে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা বিএনপি ও তারেক রহমানের সরকার মেনে নেবে না বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই-সংগ্রাম করতে হয়েছে। হঠাৎ করে ৫ আগস্ট আসেনি। এই ৫ আগস্ট আসার ক্ষেত্রে আপনারা-আমরা, আমাদের ছাত্র-যুবক ও তরুণ-তরুণীরা মাঠে থেকে আন্দোলন করেছে। আন্দোলনের মাধ্যমে এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এ কারণে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা দেশের দায়িত্ব পেয়েছি এবং দায়িত্ব পরিচালনা করছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অন্যরা।
-স্বাধীন/এমএ
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি

