ফরিদপুরে মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশঃ Sep 27, 2026 - 20:13
ফরিদপুরে মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে কালীমূর্তিসহ অধিকাংশ চুরি যাওয়া মালামাল উদ্ধারের কথা জানিয়েছে জেলা পুলিশ।

রোববার বেলা ১১টায় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

যেভাবে চুরি

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো একসময় পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে পূজা করতে গিয়ে সেবায়েত দেখতে পান, মন্দিরের সব তালা কাটা এবং দরজা খোলা।

পরে মন্দিরের ভেতরে গিয়ে কষ্টিপাথরের কালীমূর্তি না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। একই সঙ্গে মূর্তির গায়ে থাকা স্বর্ণালংকার, পিতলের বিভিন্ন প্রতিমা ও রৌপ্যের অলংকারও চুরি হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী বাদী হয়ে ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তদন্ত কর্মকর্তার সমন্বয়ে একাধিক দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম, তার মা সাজেদা বেগম, বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।

মাটির নিচে মিলল কালীমূর্তি ও অলংকার

পুলিশ জানায়, গ্রেপ্তার সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচে লুকিয়ে রাখা চুরি হওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়।

এ ছাড়া আসাদুজ্জামান সাদ্দাম ও আল আমিন মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী থানার রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।

অন্যদিকে, সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী বাজারের স্বর্ণপট্টির একটি জুয়েলারি দোকানে অভিযান চালায় পুলিশ। দোকানের মালিক আতিয়ার রহমানের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি হওয়া প্রতিমার কানের দুল, টিকলিসহ অন্যান্য অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সব আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

কোটি টাকা মূল্যের মূর্তি

মামলার এজাহার অনুযায়ী, চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তিটির ওজন প্রায় ২০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি টাকা। মূর্তির গায়ে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারের মূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া বিভিন্ন পিতলের প্রতিমা ও প্রায় ৩০ ভরি রৌপ্যের অলংকার চুরি হওয়ার অভিযোগ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও মূর্তি চুরিসহ ১০টির বেশি মামলা রয়েছে। আল আমিন মোল্লার বিরুদ্ধেও একই ধরনের আটটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি বলেন, শুরুতে কোনো নির্দিষ্ট সূত্র না থাকায় ঘটনাটি ‘ক্লু-লেস’ মনে হলেও তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে ছয় দিনের মধ্যে চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে কালীমূর্তিসহ অধিকাংশ চুরি যাওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও অন্যান্য প্রতিমাসহ সব আলামত মামলার তদন্তে সংযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


-স্বাধীন/এস

ফরিদপুরে মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
লোগো
Sep 27, 2026

ফরিদপুরে মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta