সুন্দরগঞ্জে বাড়িতে মজুত ৪৭ বস্তা সার জব্দ, জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বাড়ির মালিক সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী। এর আগে সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুজন মিয়ার বাড়ি থেকে জব্দ করা সারের মধ্যে রয়েছে ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি। সুজন মিয়া ওই গ্রামের শামছুল হকের ছেলে।
উপজেলা কৃষি অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৪৭ বস্তা সার পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করার পাশাপাশি বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এলাকাটি দূরবর্তী হওয়ায় জব্দ করা সারগুলো উদ্ধার করে একজন অনুমোদিত ডিলারের ঘরে রাখা হয়েছে। পরবর্তী সময়ে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে এসব সার বিক্রি করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুত করার কোনো সুযোগ নেই। অভিযানে অবৈধভাবে মজুত করা ৪৭ বস্তা সার পাওয়া গেছে এবং সেগুলো জব্দ করা হয়েছে।
-স্বাধীন/এস
সুন্দরগঞ্জে বাড়িতে মজুত ৪৭ বস্তা সার জব্দ, জরিমানা

