পাবনায় আ'ওয়া'মী লীগের ১৪-১৫ নেতাকর্মী আটক
পাবনায় নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
এর আগেও আটক হয়েছিলেন আব্দুল ওহাব
৫ আগস্টের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেন। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছিল। পরে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর, ৫ ফেব্রুয়ারি, তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আব্দুল ওহাব সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতেও সুজানগরের মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আব্দুল ওহাবের সমর্থক হিসেবে পরিচিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা কয়েক সপ্তাহ পর জামিনে মুক্তি পান।
-স্বাধীন/এস
পাবনায় আ'ওয়া'মী লীগের ১৪-১৫ নেতাকর্মী আটক

