অপ্রতিম হত্যা: জিজ্ঞাসাবাদের পর আনাসকে ছেড়ে দিল এসআরবি

প্রকাশঃ Sep 20, 2026 - 21:49
অপ্রতিম হত্যা: জিজ্ঞাসাবাদের পর আনাসকে ছেড়ে দিল এসআরবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আটক কিশোর শাহরিয়া আনাসকে ছেড়ে দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

তদন্তে এ ঘটনায় তার কোনো ধরনের প্রাথমিক সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, মামলার প্রধান অভিযুক্ত তুহিনের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে শনিবার আনাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। তবে তদন্তে অপ্রতিম হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পরে রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রয়োজন হলে ভবিষ্যতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এর আগে আনাসকে হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অপ্রতিমকে নিয়ে তার দেওয়া একটি ফেসবুক শোকবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আনাসকে পুলিশ গ্রেপ্তার করেনি।

এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে অপ্রতিমকে হত্যা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন মূল আসামিকে। তারা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং তার দুই কিশোর সহযোগী।

গ্রেপ্তার তিনজনকেই ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-স্বাধীন/এমএ

অপ্রতিম হত্যা: জিজ্ঞাসাবাদের পর আনাসকে ছেড়ে দিল এসআরবি
লোগো
Sep 20, 2026

অপ্রতিম হত্যা: জিজ্ঞাসাবাদের পর আনাসকে ছেড়ে দিল এসআরবি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta