প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ,নতুন স্বামীসহ আটক

প্রকাশঃ Sep 19, 2026 - 21:04
প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ,নতুন স্বামীসহ আটক

ময়মনসিংহের নান্দাইলে প্রথম স্বামীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে রুবিনা আক্তার নামে এক গৃহবধূকে তার প্রবাসী নতুন স্বামীসহ হাতেনাতে আটক করেছেন প্রথম স্বামী শরীফ মিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নান্দাইল উপজেলা হাসপাতাল সংলগ্ন রিতা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে নান্দাইলের সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামের শরীফ মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। শরীফ নরসিংদীতে বাবুর্চির কাজ করতেন। তার উপার্জনের অর্থ দিয়ে স্ত্রীর পড়াশোনাসহ সংসারের বিভিন্ন খরচ চালাতেন বলে জানা গেছে।

শরীফের অভিযোগ, পারিবারিক মনোমালিন্যের সুযোগ নিয়ে রুবিনা প্রথম বিয়ের বিষয়টি গোপন করে বাবা-মায়ের সম্মতিতে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবাসী হাফেজ আবু হানিফকে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে শরীফ লিগ্যাল এইডের মাধ্যমে রুবিনাকে উকিল নোটিশ পাঠান। তবে রুবিনা অভিযোগটি অস্বীকার করেন।

শনিবার রুবিনা তার নতুন স্বামীকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে রিতা ডায়াগনস্টিক সেন্টারে গেলে সেখানে শরীফ তাদের দেখতে পান। পরে তিনি দুজনকে আটক করেন। ঘটনাটি জানাজানি হলে সেখানে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।

শরীফ মিয়া বলেন, “চাকরির উপার্জিত সব টাকা আমি রুবিনাকে দিয়েছি। সে আমাকে তালাক না দিয়েই গোপনে বিয়ে করেছে। আমি আমার টাকা উদ্ধার ও ন্যায়বিচার চাই।”

তবে শরীফের অভিযোগ অস্বীকার করেছেন রুবিনা আক্তার ও তার বাবা আব্দুল কাইয়ূম। তাদের দাবি, কোর্টের এফিডেভিটের মাধ্যমে শরীফকে তালাক দেওয়া হয়েছে। তবে সেই কাগজ শরীফের কাছে না পৌঁছানোর দায় তাদের নয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সংশ্লিষ্টদের থানায় আনা হয়েছিল। বিষয়টি পারিবারিক হওয়ায় রুবিনাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

তবে প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে হয়েছে কি না এবং অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা কী—এসব বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।


-স্বাধীন/এস

প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ,নতুন স্বামীসহ আটক
লোগো
Sep 19, 2026

প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ,নতুন স্বামীসহ আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta