বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

প্রকাশঃ Sep 29, 2026 - 19:58
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে গ্রেপ্তার ব্যক্তিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে আদালত চারজনের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য করা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন—বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী মো. ফেরদৌস হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকার একটি রিসোর্ট ও এর আশপাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাজেদুর রহমান শাহীন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১১টির বেশি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০) জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি, সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং মো. ফেরদৌস হোসেন (২৬) স্বেচ্ছাসেবক লীগের কর্মী।

ডিবির ভাষ্য অনুযায়ী, ভাদুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনে নয়টির বেশি মামলা রয়েছে। আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, সাজেদুর রহমান শাহীন কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-স্বাধীন/এস

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড
লোগো
Sep 29, 2026

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta