অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে নিখোঁজ হওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুরো ঘটনার বিস্তারিত রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া কিশোরের বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আইফোনটি উদ্ধার করেন। অপ্রতিম তার মায়ের ওই আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল।
পুলিশের প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামতে ধারণা করা হচ্ছে, আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সিসিটিভি ফুটেজে কিশোরের উপস্থিতি
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়।
ফুটেজে দেখা যায়, ওই কিশোরের বয়স অপ্রতিমের চেয়ে বেশি এবং তার মাথায় ক্যাপ ছিল। অপ্রতিমের সঙ্গে তার গতিবিধি দেখে সন্দেহ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজেও ওই কিশোরকে অপ্রতিমকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।
পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই কিশোরের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। লাশ উদ্ধারের আগেই তারা ওই কিশোরের বাড়িতেও যান।
জিজ্ঞাসাবাদের পর আইফোন উদ্ধার
পরবর্তীতে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। শনিবার দুপুরে কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ওই কিশোরকে আটক করে ডিবি পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৮টার দিকে সালমানপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
-স্বাধীন/এস
অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার

