তিয়ায় ধরা পড়ল ‘রাজা ইলিশ’, দাম ১০ হাজার ৯০০ টাকা
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলের জালে ধরা পড়েছে বড় আকারের একটি ‘রাজা ইলিশ’। উন্মুক্ত নিলামে মাছটি ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়ত সাদিয়া ফিশ এজেন্সিতে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলে জাহিদ মাঝির জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য চেয়ারম্যান ঘাটের আড়তে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে নিলাম শুরু হলে মাছটির আকার দেখে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতামূলক দর হাঁকাহাঁকির একপর্যায়ে মাছটির সর্বোচ্চ দাম ওঠে ১০ হাজার ৯০০ টাকা। সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী বিষ্ণু বেপারি মাছটি কিনে নেন।
নিলাম পরিচালনাকারী কুতুবউদ্দিন বাবু বলেন, মাছটির আকার ও ওজন ভালো হওয়ায় নিলাম শুরুর পর থেকেই পাইকারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। একপর্যায়ে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকায় মাছটির বিক্রি চূড়ান্ত হয়।
সাদিয়া ফিশ এজেন্সির স্বত্বাধিকারী মো. সালাউদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটে বড় আকারের ইলিশ উঠলে ব্যবসায়ীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ দেখা যায়। এই ইলিশটির ক্ষেত্রেও ভালো দাম পাওয়া গেছে।
মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, মেঘনা নদীতে সাধারণ ইলিশের পাশাপাশি বড় আকারের বা ‘রাজা ইলিশ’ ধরা পড়লে বাজারে এর কদর বেড়ে যায়। মাছটির আকার ভালো হওয়ায় নিলামেও প্রত্যাশিত দাম উঠেছে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মেঘনা নদীতে ইলিশের বিচরণ, আকার ও প্রাপ্যতা নদীর প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল। জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়া আনন্দের বিষয়।
তবে ইলিশের ধারাবাহিক উৎপাদন ও অবাধ প্রজনন নিশ্চিত করতে সব জেলেকে সরকারি নির্দেশনা ও সুরক্ষা নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
-স্বাধীন/এস
তিয়ায় ধরা পড়ল ‘রাজা ইলিশ’, দাম ১০ হাজার ৯০০ টাকা

