কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

প্রকাশঃ Sep 30, 2026 - 12:25
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানের চতুর্থ দফায় আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে চার দফার অভিযানে আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে জেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

চতুর্থ দফার অভিযানে মোট ৩৭৯ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আগের তিন অভিযানে আটক ১,২৯৭

এর আগে তিন দফার অভিযানে কুমিল্লায় মোট ১ হাজার ২৯৭ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে যাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আর যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

চতুর্থ দফার অভিযানে আটক ৩৭৯ জনের ক্ষেত্রেও যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


-স্বাধীন/এস

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক
লোগো
Sep 30, 2026

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta