চিরনিদ্রায় অপ্রতিম, শোকের ছায়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

প্রকাশঃ Sep 20, 2026 - 12:11
চিরনিদ্রায় অপ্রতিম, শোকের ছায়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

চিরনিদ্রায় শায়িত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কেএম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি গন্ধমতিতে নিজ বাসার পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ছবি তুলতে বের হয়ে আর ফেরেনি অপ্রতিম

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে অপ্রতিমের সন্ধানে অভিযান চালায়।

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

শেষবারের মতো দেখতে ভিড়

শনিবার রাতে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ কোটবাড়ি গন্ধমতির নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

এ সময় পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ। সন্তানকে হারিয়ে ভেঙে পড়েন অপ্রতিমের বাবা-মা ও স্বজনরা।

তদন্তে পুলিশ, আটক কয়েকজন

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

অপ্রতিমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা ড. নাহিদা বেগম।

যে সন্তানকে ফিরে পাওয়ার আশায় শনিবারও আকুতি ছিল পরিবারের, সেই সন্তানই একদিন পর ফিরেছে নিথর দেহ হয়ে। প্রিয় ক্যাম্পাস ও গন্ধমতির মাটিতে শেষবারের মতো বিদায় জানানো হয়েছে অপ্রতিমকে।

-স্বাধীন/এস

চিরনিদ্রায় অপ্রতিম, শোকের ছায়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
লোগো
Sep 20, 2026

চিরনিদ্রায় অপ্রতিম, শোকের ছায়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta