কর্ণফুলীতে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই শিক্ষার্থীর

প্রকাশঃ Oct 2, 2026 - 12:41
কর্ণফুলীতে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই শিক্ষার্থীর

একজন কোচিংয়ে যাওয়ার পথে, অন্যজন মাদ্রাসায় গিয়ে নিখোঁজ

চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দুই শিক্ষার্থীর। তাদের সন্ধানে পরিবার ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকার অষ্টম শ্রেণির ছাত্র দিহান (১২) এবং উত্তর শিকলবাহা এলাকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম বাপ্পি (১৪)।

পরিবার সূত্রে জানা যায়, দিহান স্টুডেন্ট কেয়ার মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চরলক্ষ্যার হাজীবাড়ির বাসা থেকে কোচিংয়ের উদ্দেশে বের হয় সে। তবে সকাল ৮টার দিকে কোচিং সেন্টার থেকে ফোন করে জানানো হয়, দিহান সেখানে যায়নি।

এরপর আত্মীয়স্বজন, স্কুলসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ২৯ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দিহানের বাবা মহিউদ্দিন।

নিখোঁজের সময় দিহানের পরনে সবুজ রঙের পাঞ্জাবি ছিল। তার গায়ের রং শ্যামলা এবং চুল ছোট ও কালো।

দিহানের বাবা মহিউদ্দিন বলেন, ‘প্রথমে মনে করেছিলাম হয়তো রাগ করে কোথাও গেছে। রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজন, স্কুলসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কোথাও পাওয়া যায়নি। আজ পাঁচ দিন হয়ে গেল, এখনো কোনো খোঁজ না পাওয়ায় আমরা খুবই টেনশনে আছি।’

অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পর নিখোঁজ হয় কামরুল ইসলাম বাপ্পি। সে ওমরা মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় জিডি করেন বাপ্পির বাবা বাহাদুর ইসলাম। জিডির তথ্য অনুযায়ী, বাপ্পির গায়ের রং শ্যামলা, শারীরিক গড়ন লম্বা এবং সে আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘দিহানের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। তার স্কুলে গিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলা হয়েছে। সকালে বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। বাপ্পির বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশের টিম কাজ করছে।’

দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

-স্বাধীন/এস

কর্ণফুলীতে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই শিক্ষার্থীর
লোগো
Oct 2, 2026

কর্ণফুলীতে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই শিক্ষার্থীর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta