শরীয়তপুর সদর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু-ডায়রিয়ার রোগী, মেঝেতে চিকিৎসা
শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সাতজন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় নির্ধারিত শয্যার পাশাপাশি হাসপাতালের মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে।
২৪ ঘণ্টায় ডায়রিয়ায় ভর্তি ১৮ জন
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন। বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালের মেঝে অপরিষ্কার থাকায় ভোগান্তি আরও বাড়ছে। অনেক রোগী সময়মতো চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগও করেছেন তারা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্বাভাবিকের তুলনায় চাপ বেড়েছে।
ছয় মাসে চিকিৎসা পেয়েছেন ২৩৭ ডেঙ্গু রোগী
শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে ১৫ জন ডেঙ্গু এবং ৪৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
তিনি জানান, সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন। গত ছয় মাসে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ২৩৭ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
-স্বাধীন/এস
শরীয়তপুর সদর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু-ডায়রিয়ার রোগী, মেঝেতে চিকিৎসা

