নিখোঁজের পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ
কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় অপ্রতীমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর তা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর আর বাসায় ফেরেনি সে।
ছেলের নিখোঁজের পর তার মা ড. নাহিদা বেগম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অপ্রতীমের সন্ধান চেয়ে সহায়তার আবেদন জানান। সেখানে তিনি লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।’
পোস্টে তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার সময় অপ্রতীমের পরনে নীল রঙের একটি পাঞ্জাবি ছিল। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে তার আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল সে। পরে আর ফিরে আসেনি।
অপ্রতীমের মা আরও লিখেছেন, ‘আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’
তিনি জানান, অপ্রতীমের নম্বর ট্র্যাক করেও তার অবস্থান শনাক্ত করা যায়নি। সম্ভবত ফোনটি তার সঙ্গে ছিল না। ফেসবুক আইডি যে ফোনে চালানো হতো, সেটিও বাসায় রেখে গিয়েছিল অপ্রতীম।
এ ঘটনায় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
-স্বাধীন/এমএ
নিখোঁজের পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ

