কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

প্রকাশঃ Sep 27, 2026 - 14:41
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ফের ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই ধরনের অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা জেলার নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে অভিযানে অংশ নেয়।

তিনি বলেন, কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

-স্বাধীন/এমএ

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
লোগো
Sep 27, 2026

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta