বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনাস আহমেদ বাপ্পি ওই গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে হয়। বিয়ে শেষে বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নববধূকে দেখতে বাড়িতে জড়ো হন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।
বিয়ের রাতে বাড়ির আঙিনায় নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন আনাস। একপর্যায়ে ফ্যানটি হঠাৎ তার শরীরের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ফ্যানটিতে আগে থেকেই বৈদ্যুতিক সংযোগজনিত ত্রুটি ছিল। শরীরের ওপর পড়ে যাওয়ার পর সেটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস।
নিহতের চাচাতো ভাই রুবেল হোসেন বলেন, শুক্রবার বৌভাতের আয়োজন চলছিল। পরিবারের সদস্যরা নাচের প্যান্ডেলে অনুষ্ঠান উপভোগ করছিলেন। এ সময় পাশে থাকা একটি ফ্যান আনাসের ওপর পড়ে যায়। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি তখনও বিস্তারিত অবগত ছিলেন না। বিষয়টি জানতে এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।
-স্বাধীন/ এমএ
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

