থানায় লালন-পালন হওয়া চোরাই ৫ গরু ও বাছুর উঠবে নিলামে

প্রকাশঃ Aug 28, 2026 - 22:56
থানায় লালন-পালন হওয়া চোরাই ৫ গরু ও বাছুর উঠবে নিলামে

নওগাঁর রাণীনগর থানায় প্রায় এক মাস ধরে যত্ন সহকারে লালন-পালন করা সেই ৫টি চোরাই গরু ও সম্প্রতি জন্ম নেওয়া একটি বাছুর আগামী ৩০ আগস্ট প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। রাণীনগর থানা প্রাঙ্গণে ওই দিন বিকেল ৩টায় শর্তসাপেক্ষে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।

​আদালত সূত্রে জানা যায়, উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিক না পাওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-০১ নওগাঁর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় কমিটির সদস্য সচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিলামের ঘোষণা দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে নওগাঁর বিভিন্ন উপজেলায় একাধিক ডাকাতির ঘটনার পর জেলা পুলিশের নির্দেশে তদন্তে নামে রাণীনগর থানা পুলিশ ও গোয়েন্দা শাখা। 

তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৪ জুলাই নাটোরের নলডাঙ্গা থেকে আন্তঃজেলা গরু চোর চক্রের মূলহোতা আসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই নাটোরের সিংড়ার অসিত নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়।

​উদ্ধারের পর গরুগুলোর সঠিক মালিকের সন্ধান না মেলায় আদালতের নির্দেশনায় থানা প্রাঙ্গণেই সেগুলো রাখার ব্যবস্থা করা হয়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডলের সার্বিক তদারকিতে একজন কেয়ারটেকারের মাধ্যমে নিয়মিত খাবার ও যত্ন নিশ্চিত করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকরা গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন। থানায় থাকাকালীন সময়ে একটি গাভী এঁড়ে বাছুরের জন্ম দেয়, যা নিয়ে এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।

​রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক পাওয়া না যাওয়ায় আদালতের নির্দেশে প্রকাশ্য নিলামের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে বাছুরসহ ৬টি গরুই সুস্থ রয়েছে। আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় থানা প্রাঙ্গণে শর্তসাপেক্ষে যে কেউ এ নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

এসটিআর

থানায় লালন-পালন হওয়া চোরাই ৫ গরু ও বাছুর উঠবে নিলামে
লোগো
Aug 28, 2026

থানায় লালন-পালন হওয়া চোরাই ৫ গরু ও বাছুর উঠবে নিলামে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta