জামায়াতের সঙ্গে আলাপ করেই মিছিল করেছে আওয়ামী লীগ: রাশেদ খান
জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেই হয়তো রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই হয়তো আওয়ামী লীগ এসব মিছিল করার সাহস দেখাচ্ছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলনে নামার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের কোনো আপত্তি নেই। তবে দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—এসব আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এসব আন্দোলনে জীবন দিয়েছেন। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করতে চায়।
অন্যদিকে, জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করেছে বলেও অভিযোগ করেন রাশেদ খান।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/এমএ
জামায়াতের সঙ্গে আলাপ করেই মিছিল করেছে আওয়ামী লীগ: রাশেদ খান

