হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
প্রতিবেশী দেশ ভারত গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করা একটি দেশে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি জুলাইয়ের শহীদদের প্রতি অসম্মান।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচার চলছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। ‘কিন্তু সেই অনুরোধের কোনো জবাব দেওয়া হয়নি।’
রিজভীর দাবি, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান।
তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক চাই। কিন্তু একজন পলাতক আসামিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া সেই পারস্পরিক আস্থার পরিপন্থী এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’
রিজভী আরও অভিযোগ করেন, বিষয়টি বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবহিত করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তার ভাষায়, ‘যেদিন বাংলাদেশে গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে গণঅভ্যুত্থানের স্মরণে কর্মসূচি পালিত হচ্ছে, সেদিনই দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজন পরিকল্পিত পদক্ষেপ।’
তিনি বলেন, ‘যে গণঅভ্যুত্থানে হাজারো তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, সেই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এরপরও তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া শহীদদের প্রতি অসম্মান।’ এ ঘটনাকে তিনি ‘ঘৃণ্য প্রচেষ্টা’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশ যখনই স্বনির্ভর হওয়ার পথে এগিয়েছে, তখনই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মুখে পড়েছে। তার দাবি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বর্তমানেও একই ধরনের পরিকল্পনা চলছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

