সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ: ১১ দলীয় জোট
সরকারের বিরুদ্ধে নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য জোট লংমার্চ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চে অংশ নিতে গাড়িবহরের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি কর্মসূচিতে অংশ নেবে বলে জানান তিনি। সরকার পতনের উদ্দেশ্যে নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, শুক্রবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ হবে। এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে। পরে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।
লংমার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে জামায়াতের এই নেতা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বিরোধী দল জনগণের দুর্ভোগ কমাতে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ‘বিরোধী দলের সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে সরকার প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা দেবে এটাই আমাদের প্রত্যাশা।’
-স্বাধীন/এমএ
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ: ১১ দলীয় জোট

