ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: গোলাম পরওয়ার

প্রকাশঃ Sep 17, 2026 - 15:21
ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: গোলাম পরওয়ার

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভাঙচুরের পরিকল্পনা নেই এবং তা হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চে সহযোগিতা করার জন্য প্রশাসন, পুলিশ, ট্রাফিক, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের লিখিতভাবে জানানো হয়েছে। তিনি কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট, নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা, ভাঙচুর—এ ধরনের কোনো চিন্তা বা কর্মসূচি আমাদের ১১ দলের মধ্যে নেই।’

কর্মসূচিতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি ব্যাহত করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না।

রাজনৈতিক সংকটের অভিযোগ

দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করেই এই সংকটের সৃষ্টি হয়েছে। তিনি সরকারের প্রতি সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার আহ্বান জানান।

স্থানীয় সরকার নির্বাচন ও এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও তিনি সরকারের সমালোচনা করেন। তার ভাষ্য, সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা প্রয়োগ করে আইন পরিবর্তন বা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

১৯ সেপ্টেম্বর লংমার্চ

গোলাম পরওয়ার জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী জনসভার মাধ্যমে লংমার্চের কর্মসূচি শুরু হবে। জনসভা চলবে সকাল ৮টা পর্যন্ত। এরপর গাড়িবহর গাজীপুর-টঙ্গী হয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করবে।

নির্ধারিত রুট অনুযায়ী গাজীপুর বাইপাসের ভোগড়া এলাকায় প্রথম পথসভা, টাঙ্গাইলের নগর জালফৈ মোড়ে দ্বিতীয় পথসভা এবং যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে দুপুরের দিকে পৌঁছানোর আশা করা হচ্ছে এবং জোহরের নামাজের জন্যও সময় রাখা হবে।

এরপর গাড়িবহর গাইবান্ধার পলাশবাড়ীর দিকে যাবে। সেখানে সন্ধ্যা বা মাগরিবের সময় পথসভা হতে পারে। তবে সড়কের পরিস্থিতির ওপর নির্ভর করে সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। সবশেষে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে কর্মসূচি শেষ হবে।

লংমার্চের গাড়িবহরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের যুক্ত হওয়ার সুযোগ থাকবে। বহরের সঙ্গে স্বেচ্ছাসেবক, নিরাপত্তা, চিকিৎসা ও অ্যাম্বুলেন্স টিমের পাশাপাশি আইটি ও মিডিয়া টিমও থাকবে। সাংস্কৃতিক বিভাগের সংগীত পরিবেশনের জন্যও একটি গাড়ি থাকবে।

গোলাম পরওয়ার বলেন, একটি সুশৃঙ্খল গাড়িবহরের মাধ্যমে লংমার্চ পরিচালিত হবে।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দূরত্বের তুলনায় এই লংমার্চের পথ প্রায় ৬০ কিলোমিটার বেশি হওয়ায় পথে আলাদাভাবে রান্না করা খাবারের ব্যবস্থা করা সম্ভব হবে না। তাই অংশগ্রহণকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী শুকনা খাবার, পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

-স্বাধীন/এস

ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: গোলাম পরওয়ার
লোগো
Sep 17, 2026

ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: গোলাম পরওয়ার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta