মির্জা ফখরুলকে আমরা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

প্রকাশঃ Aug 13, 2026 - 17:28
মির্জা ফখরুলকে আমরা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় জোট থেকেও তিনি মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কার্যালয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তাকে রাষ্ট্রপতি হিসেবে আগামী ২০ তারিখে নির্বাচিত করতে চাই, ইনশাআল্লাহ।’

চিফ হুইপ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সমর্থক ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

নুরুল ইসলাম মনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদও রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন। তার পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, জুলাই সনদের অক্ষর, দাঁড়ি, কমা ও বিন্দু বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘আমরা সংবিধান নতুন করে লিখব না। সংবিধানের কোনো একটি কমা পরিবর্তন করলেও সেটি সংবিধান সংশোধন বা সংস্কারের অংশ হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি একটি সংবিধান তৈরি করতে সব পক্ষের মতামত নিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদে কে আসবেন—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চান না তিনি।

তিনি বলেন, ‘আমাদের আর কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে বলার নেই। নির্বাচনের যে নিয়ম আছে, সেই নিয়ম মতোই আমরা দিচ্ছি। তারা (বিরোধী দল) কী বলছে, তাদের উত্তর নিয়ে তারা থাকুক। তাদের কথার সমালোচনা করতে চাই না।’

সংবিধান সংস্কার প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ‘সংস্কার’ ও ‘সংশোধন’ শব্দ দুটির বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হবে। ভারতের সংবিধান ১৯৫০ সালে গ্রহণের পর ২০২৬ সাল পর্যন্ত ১০৬ বার সংশোধন করা হয়েছে। দেশটি নতুন করে সংবিধান লেখেনি। আমরাও নতুন করে সংবিধান লিখব না।

তিনি আরও বলেন, সংবিধানের একটি কমা পরিবর্তন করলেও সেটি সংবিধান সংশোধনের আওতায় পড়বে। প্রতিটি শব্দ পরিবর্তন করা হলেও সেটি সংশোধনের অংশ হবে।

চিফ হুইপ বলেন, ‘আমরা সংশোধনের জন্য সবাইকে আহ্বান করেছি। সবাই বসে আলোচনা করে, সবার মতামত নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর সংবিধান সংশোধন করতে চাই। সংবিধান এক দিনের জন্য পরিবর্তন করা হয় না, এটি দীর্ঘ সময়ের জন্য একটি রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে। তাই সবার মতামত নিয়েই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই।’

-স্বাধীন দিগন্ত/ এমএ

মির্জা ফখরুলকে আমরা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ
লোগো
Aug 13, 2026

মির্জা ফখরুলকে আমরা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta