রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে দেখছে: হামিদুর রহমান

প্রকাশঃ Aug 21, 2026 - 16:51
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে দেখছে: হামিদুর রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। তার দাবি, নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধীদল সরকারের সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে হামিদুর রহমান আযাদ বলেন, ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ কার্যকারিতা হারিয়েছে—সরকারের একজন মন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন। তবে এই যুক্তি গ্রহণ করলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে, সেই প্রশ্নও তোলেন তিনি। তার মতে, ২০২৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণের বিষয়টি আগে থেকেই তাদের কাছে পরিষ্কার ছিল। সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ হিসেবেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা বিরোধীদল আগে থেকেই জানত। এরপরও জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরা এবং গণতন্ত্রের দাবি আরও জোরালো করতেই নির্বাচনে অংশ নেওয়া হয়েছে।

হামিদুর রহমান আযাদের দাবি, এই অংশগ্রহণের মাধ্যমে জনগণ নতুন করে উপলব্ধি করেছে যে বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করতে সংবিধান সংস্কার কেন প্রয়োজন।

তিনি সরকারের প্রতি বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে ব্যাখ্যা না করে এর গণতান্ত্রিক বার্তা অনুধাবনের আহ্বান জানান।

ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে পারে না।

-স্বাধীন/ এমএ

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে দেখছে: হামিদুর রহমান
লোগো
Aug 21, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে দেখছে: হামিদুর রহমান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta