এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর: জামায়াত আমির
রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের বেঁধে রাখা হয় বলে জানা গেছে। পরে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’
পোস্টে জামায়াত আমির অভিযোগ করেন, মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তার দাবি, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে লুটপাট চালানোর পর প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেয়।
তিনি আরও লেখেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ধ্বংস করে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখন আর অস্পষ্ট নয় বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্টদের ‘পেটের ক্ষুধা’ কোনোভাবেই মিটছে না এবং জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার একটি সুযোগ তারা নষ্ট করে দিয়েছে।
জামায়াত আমির বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে এমন ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন রাখেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?’
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
-স্বাধীন/এমএ
এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর: জামায়াত আমির

