বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে জামায়াত, এনসিপিও তা শিখে গেছে: রাশেদ খান
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করে বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াতের সঙ্গে জোটে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও একই ধরনের ‘গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা’ ছড়ানো শিখেছে।
সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে রাশেদ খান দাবি করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে বক্তব্য দিয়েছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও এ বক্তব্যের প্রতিবাদ কেউ করেননি বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে রাশেদ খান প্রশ্ন করেন, ‘জামায়াতের নেতারা এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। কিন্তু জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলেন, সেটিও হয়তো সহ্য করা যায়! কিন্তু কীভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা বলা শুরু করেন?’
এনসিপির সমালোচনা করে তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা দলটি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে একই ধরনের মিথ্যাচার শিখেছে। তার দাবি, এনসিপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে এবং তাদের বক্তব্যেও ‘অপতথ্য’ থাকে।
রাশেদ খান আরও বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়ানোর কারণে জামায়াত-এনসিপি নিয়ে মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।
সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোর কর্মকাণ্ডেরও মূল্যায়ন প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলো গত ছয় মাসে কী ধরনের গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও হিসাব হওয়া উচিত।
-স্বাধীন/ এমএ
বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে জামায়াত, এনসিপিও তা শিখে গেছে: রাশেদ খান

