‘ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না’

প্রকাশঃ Oct 2, 2026 - 15:35
‘ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না’

চট্টগ্রামে হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতকে রাশেদ খানের পরামর্শ

জামায়াতে ইসলামী ইসলামি রাজনীতি ও শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বললে ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “জামায়াত যেহেতু ইসলামি রাজনীতি করে বলে দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়, সেক্ষেত্রে জামায়াতে ইসলামকে বলব, ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না।”

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। তাঁর দাবি, জামায়াত ইসলামী মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে।

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের কর্মকাণ্ড ও কথাবার্তায় ইসলামের সঙ্গে দ্বিচারিতা রয়েছে—এমনটাই তাঁর মত। এ ধরনের আচরণ দেশের জনগণ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য তুলে ধরে রাশেদ খান বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে যারা একসঙ্গে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ছিল, তাদের দায়িত্ব ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখা। তাঁর দাবি, বর্তমান সময়ে জামায়াতে ইসলামের মনোযোগ রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে ক্ষমতায় যাওয়ার দিকে।

তিনি বলেন, জামায়াত সরকারকে সহযোগিতা করার কথা বললেও তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে বলে তিনি মনে করেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলনের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে তাঁরাও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবেন। সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন বা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাশেদ খান বলেন, তিনি তাঁর দোয়া নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হেফাজতে ইসলামের আমির বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন।

এ সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার রহমত উল্লাহ, গণঅধিকার নেতা তৌহিদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এস

‘ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না’
লোগো
Oct 2, 2026

‘ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না’

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta