ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৩ জন

প্রকাশঃ Sep 15, 2026 - 21:56
বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৩ জন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনজন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির নেতা ওবায়দুল্লাহ মাসুদ। ফরম নেওয়ার পর তিনি বলেন, ৪৩ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৯ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজের জিএস এবং ১৯৯০ সালে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৭ বছরে তিনি বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও জানান।

ওবায়দুল্লাহ মাসুদ বলেন, দল ও প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিলে তিনি ঠাকুরগাঁও-১ আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন বলে বিশ্বাস করেন।

এদিকে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের পক্ষেও মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে ফরম নেন।

দলীয় সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ করা হচ্ছে। পূরণ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

এরপর আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণা করে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

আসনটি শূন্য হওয়ার পর থেকেই বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। দলীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে এই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে তার ভাই মির্জা ফয়সাল আমিনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

-স্বাধীন/এমএ

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৩ জন
লোগো
Sep 15, 2026

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৩ জন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta