আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না: রাশেদ খান
আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, নিষিদ্ধ ও ধ্বংস হয়ে যাওয়া দলটির নেতাদের আর দেশে ফেরার সুযোগ নেই।
তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। এমনকি শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য আর অবশিষ্ট নেই।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যমান জ্বালানি সংকট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন রাশেদ খান।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি বর্তমানে জাতীয় সমস্যা। এই সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিন্তু সংকট সমাধানে সহযোগিতার হাত না বাড়িয়ে জামায়াত ‘লং মার্চের’ নামে ‘লং ড্রাইভ’ শুরু করেছে। ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় জামায়াত যেভাবে আওয়ামী লীগকে পাশে নিয়েছিল, এবারও জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে তারা অপশক্তিকে মাঠে নামার সাহস জোগাচ্ছে।
রাশেদ খান আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাসুদ নিজেকে বড় শক্তির অধিকারী বা ‘হ্যাডমওয়ালা’ দাবি করে বলেছেন, তার শক্তির বিষয়টি নাকি শেখ হাসিনাও জানতেন।
তার দাবি, জামায়াত নেতারা দেশের সেনাবাহিনী বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানতে চান না। তাদের চালিকাশক্তি একটি ‘গুপ্ত বট বাহিনী’। এই সাইবার বাহিনীকে ব্যবহার করে তারা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের চরিত্রহননের মতো নিকৃষ্ট কর্মকাণ্ডে জড়িত হয়েছেন।
মাঠ পর্যায়ে সারসংকট ও কৃষকদের দুর্ভোগ প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, দেশে প্রকৃতপক্ষে সারের কোনো ঘাটতি নেই। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে নিয়োগ পাওয়া অসাধু ডিলাররা কৃত্রিমভাবে গুদামে সার মজুদ করে সংকট তৈরি করছেন। সরকার দ্রুত এসব ফ্যাসিস্ট সুবিধাভোগী ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সার সরবরাহের পুরো কাঠামো নতুন করে পুনর্গঠন করবে।
একই সঙ্গে চলমান সংকটের সময়ে মাঠের কৃষকদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল ১০টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। সভায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/এমএ
আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না: রাশেদ খান

