মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে চলমান উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি বন্ধ হবে না। তার অভিযোগ, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহনকর্মী, সাংবাদিক ও কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার পেছনে ফ্যাসিবাদের দোসরদেরকে দায়ী করেন তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে মসজিদে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পুলিশ ও সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত করার পক্ষে—আজকের ঘটনাই তার প্রমাণ। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, জনগণের চাহিদার ভিত্তিতেই ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। এটি সিটি করপোরেশনের দায়িত্বের অংশ।
উল্লেখ্য, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, অভিযান পরিচালনার সময় সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন এবং ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
শফিকুল ইসলাম খান আরও বলেন, তিনি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তার ধারণা রয়েছে। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
-স্বাধীন/এমএ
মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক

