রাজধানীর আরও ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ Sep 18, 2026 - 21:09
রাজধানীর আরও ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগের পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকা এবং মহাখালীতে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ব্যবধানে যাত্রাবাড়ী এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচল ছিল। হঠাৎ একের পর এক বিস্ফোরণে আতঙ্কিত হয়ে অনেকে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। কেউ কেউ আশপাশের দোকান ও ভবনে আশ্রয় নেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান জানান, ঘটনাস্থলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ হয়।

প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি এবং কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া একই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

-স্বাধীন/এমএ

রাজধানীর আরও ৩ স্থানে ককটেল বিস্ফোরণ
লোগো
Sep 18, 2026

রাজধানীর আরও ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta