রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার
রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপন করে আছেন।
পরে দ্রুত সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান মোশতাক আহমেদ রুহী।
-স্বাধীন/এমএ
রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

