সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশঃ Sep 30, 2026 - 20:23
সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের চলমান নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে কাঁচপুরে দ্রুত টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরবর্তী সময়ে সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে।

তিনি বলেন, দূরপাল্লার বাসগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় প্রবেশ না করলে ঢাকার সড়কে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে। কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনা করে ডিএসসিসির উদ্যোগে বিশেষ শাটল সার্ভিস চালুর পরিকল্পনাও রয়েছে।

এদিকে গুলিস্তান বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।

আবদুস সালাম জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে কাঁচপুরের আধুনিক বাস টার্মিনালের নির্মাণকাজ চলছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি বর্তমানে প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং টার্মিনালের অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম তৈরির কাজ ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টার্মিনালের প্রাথমিক নির্মাণকাজ শেষ করে এটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

-স্বাধীন/এমএ

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক
লোগো
Sep 30, 2026

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta