ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ

প্রকাশঃ Sep 19, 2026 - 16:47
ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ

ঢাকার ডেসকো বিতরণ এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) নিকুঞ্জস্থ হোটেল গ্রেস ২১-এর ব্যাংকোয়েট হলে বিশেষ অবহিতকরণ ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনাক্রমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সচিব (পিআরএল) ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সরকার, প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের নিজ নিজ সুযোগ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রতিবছর এনার্জি খাতে সরকারকে ৪০ থেকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে সরকারের এই ভর্তুকির বোঝা কমবে। সবাই নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে কাজ করলে বিদ্যুৎ খাতের এই সমস্যার সমাধান সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ইতোমধ্যে বিডা ভবনের ছাদে একটি সৌরবিদ্যুৎ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটি ‘ডেসকো-বিডা মডেল’ হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে। এই মডেলকে সামনে রেখে সারাদেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ডেসকোর আওতাধীন এলাকায় বর্তমানে যে সোলার স্থাপনাগুলো রয়েছে, সেগুলো থেকে প্রায় ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এসব স্থাপনা থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় আমন্ত্রিত অংশীজনরা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ডেসকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল) অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টির বিস্তারিত তুলে ধরেন ডেসকোর ব্যবস্থাপক মো. আব্দুল মান্নাফ।

ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশফাক আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডেসকোর আওতাধীন এলাকার বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা, ইপিসি ঠিকাদার, বিভিন্ন ভবন ও ফ্ল্যাট মালিক সমিতির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

-স্বাধীন/এমএ

ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ
লোগো
Sep 19, 2026

ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta