আবাসন প্রকল্প ও নাগরিক সুবিধা উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী 

প্রকাশঃ Aug 10, 2026 - 17:58
আবাসন প্রকল্প ও নাগরিক সুবিধা উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী 

নগরবাসীর আবাসন সুবিধা সম্প্রসারণ, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

রোববার (৯ আগস্ট) ঢাকাস্থ মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউতে নির্মাণাধীন ‘গৃহায়ন কনকচাঁপা’, সাতমসজিদ রোডে ‘গৃহায়ন দোলনচাঁপা’ ৪৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প এবং লালমাটিয়া নিউ কলোনি খেলার মাঠ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের মান, নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়নের অগ্রগতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলে চলমান কাজের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

এ সময় প্রকল্পগুলোর নির্মাণকাজে গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং ভবিষ্যৎ বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি আবাসিক প্রকল্পগুলো যেন আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধবভাবে গড়ে ওঠে, সেদিকেও সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে লালমাটিয়া নিউ কলোনি খেলার মাঠের বর্তমান অবস্থা ও বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের জন্য মাঠটিকে আরও সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের উপযোগী পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শুধু আবাসিক ভবন নির্মাণ নয়, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে খেলার মাঠ, উন্মুক্ত স্থান, সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের চলমান আবাসন ও নগর উন্নয়ন প্রকল্পগুলো যথাযথ মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকারি আবাসন প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সে বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোঃ হারিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রতিমন্ত্রী চলমান আবাসন প্রকল্পগুলোর বাস্তব অবস্থা সম্পর্কে সরাসরি ধারণা নেন এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর আবাসন সংকট মোকাবিলার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সরকারের পরিকল্পিত নগরায়ণ ও আবাসন উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব প্রকল্পের কাজ দ্রুত, সুশৃঙ্খল ও মানসম্মতভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ, আধুনিক ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

-স্বাধীন দিগন্ত/ এমএ

আবাসন প্রকল্প ও নাগরিক সুবিধা উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী 
লোগো
Aug 10, 2026

আবাসন প্রকল্প ও নাগরিক সুবিধা উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী 

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta