রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ ও পাঁচটি মোবাইল ফোন। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
-স্বাধীন/ এমএ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০

