বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হওয়া পাঁচ জেলের মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।
ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করে একটি ট্রলার উপকূলের দিকে রওনা হয়েছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
নিখোঁজ পাঁচ জেলে হলেন- নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঝড় ও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।
তিনি জানান, দুর্ঘটনার পর আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
নিখোঁজদের উদ্ধারে দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।
পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে এখনো তিনি লাশগুলো দেখেননি। খবর পেয়ে তিনি বাদুরতলা এলাকায় অবস্থান করছেন। লাশগুলো পৌঁছানোর পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-স্বাধীন/ এমএ
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

