রায়পুরে স্কুল-মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ
লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে পৃথকভাবে নিখোঁজ হয় তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা।
নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সেও রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
দুই শিক্ষার্থীর নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর তাদের অভিভাবক ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য প্রকাশ করে সন্ধানে সহযোগিতা চেয়েছেন। তারা জানান, রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি সায়েম ও মিনহাজ।
সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, ‘রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়। এরপর সারাদিনেও বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
তারা আরও বলেন, ‘আমরা সবার সহযোগিতা চাইছি। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত আমাদের জানানোর অনুরোধ করছি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে পৃথক ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
-স্বাধীন/এস
রায়পুরে স্কুল-মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ

