সারের দাবিতে সড়ক অবরোধ, গুদামে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ

প্রকাশঃ Sep 18, 2026 - 19:47
সারের দাবিতে সড়ক অবরোধ, গুদামে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। একই সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) রফিকুল ইসলামকে একটি সার গুদামে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে প্রায় সাড়ে চার ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় ওই কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলা বাজারের ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারীজে সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে কৃষকদের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই সার বিতরণ শুরু করে তা শেষ করে দেন ডিলার। ফলে সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকেরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

একপর্যায়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামের ভেতরে অবরুদ্ধ করেন। পাশাপাশি মাদারগঞ্জ–ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গুদামের সামনে পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুর ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করার চেষ্টা করেন। এরপর পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে উদ্ধার করে নিজের গাড়িতে করে নাগেশ্বরীতে নিয়ে যান।

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠুভাবেই হয়েছে। বিতরণ শেষে কয়েক শ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করেন। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সহযোগিতায় দুপুর ১২টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।”

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “সুষ্ঠুভাবেই সার বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরে তারা অবরোধ তুলে নেন। অতিরিক্ত বরাদ্দের জন্য জেলায় চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।”

সারের সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি থাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে নির্ধারিত সময়ের আগে সার বিতরণ শুরু করার অভিযোগের বিষয়ে ডিলার পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

-স্বাধীন/এস

সারের দাবিতে সড়ক অবরোধ, গুদামে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ
লোগো
Sep 18, 2026

সারের দাবিতে সড়ক অবরোধ, গুদামে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta