বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
যেভাবে ঘটল দুর্ঘটনা
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটি শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়।
পরে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন।
দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া জানান, দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
-স্বাধীন/এস
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

