পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী

প্রকাশঃ Sep 14, 2026 - 17:38
পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী

বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে ছোট ছোট প্যাকেটে ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে সন্ত্রাস বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’ প্রয়োজনীয় নয় উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস নিয়ন্ত্রণে দেশে যে আইন রয়েছে, সেটিই যথেষ্ট। প্রয়োজনে সেই আইনকে আরও কঠোর করতে সংশোধন করা হবে। তবে আইনের কাঠামোর বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ‘বেআইনি ও সংবিধানবহির্ভূত কোনো পথে আমরা হাঁটব না। আমরা মানবাধিকারের প্রতি অবিচল। এই সরকারের বয়স মাত্র ছয় মাস। আবর্জনা পরিষ্কার করতে আমাদের কিছুটা সময় দিতে হবে।’

মানবাধিকারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণে আনবে বলেও জানান আইনমন্ত্রী।

আসাদুজ্জামান আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার অঙ্গীকারবদ্ধ। ‘আমরা যদি মানবতাবিরোধী অপরাধের বিচার করতে না পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী
লোগো
Sep 14, 2026

পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta