মায়ের চিকিৎসার টাকা তুলে উধাও বড় ছেলে
লক্ষ্মীপুরের কমলনগরে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ব্যাংকে রাখা দেড় লাখ টাকা তুলে নিয়ে বড় ছেলে গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, টাকা দেওয়ার বিনিময়ে মায়ের জমি নিজের নামে লিখে দেওয়ার শর্ত দিয়েছেন তিনি।
সম্প্রতি উপজেলার করুণানগর এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ওই নারীর চিকিৎসা অর্থের অভাবে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
চিকিৎসার জন্য রাখা ছিল দেড় লাখ টাকা
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই নারীর স্বামী মারা যান। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার তাঁর।
মায়ের বাবার বাড়ির ওয়ারিশি সম্পত্তি বিক্রি করে পাওয়া ১ লাখ ৫০ হাজার টাকা দুই ছেলে মোহাম্মদ আলাউদ্দিন ও সালাউদ্দিনের নামে সোনালী ব্যাংকের একটি যৌথ হিসাবে জমা রাখা হয়। ভবিষ্যতে মায়ের বিপদ বা চিকিৎসার প্রয়োজন হলে ওই টাকা ব্যবহারের উদ্দেশ্যেই তা রাখা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রায় এক সপ্তাহ আগে ওই নারী তৃতীয়বারের মতো স্ট্রোকে আক্রান্ত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
টাকা তুলে গা-ঢাকার অভিযোগ
পরিবারের সদস্যরা জানান, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মায়ের চিকিৎসার জরুরি খরচ মেটাতে আলাউদ্দিন ও সালাউদ্দিন কমলনগর শাখার সোনালী ব্যাংক থেকে যৌথ হিসাবের পুরো ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।
সালাউদ্দিনের অভিযোগ, টাকা তোলার পর আলাউদ্দিন তাঁকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। পরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মায়ের নামে থাকা জমি তাঁর নামে লিখে না দিলে চিকিৎসার টাকা দেবেন না বলে জানান।
ঘটনাটি রোববারের হলেও বুধবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানান ছোট ছেলে সালাউদ্দিন।
‘টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম’
সালাউদ্দিন বলেন, তাঁর বড় ভাই বেশ কিছুদিন ধরে মায়ের জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে মা এতে রাজি হননি।
তাঁর অভিযোগ, মায়ের জীবন-মরণ সন্ধিক্ষণে চিকিৎসার টাকা আটকে রেখে এখন জমি লিখে দেওয়ার শর্ত দেওয়া হচ্ছে। টাকার অভাবে মায়ের চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের প্রতিক্রিয়া
ঘটনাটি জানার পর স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান বলেন, মায়ের চিকিৎসার জন্য রাখা টাকা তুলে নিয়ে যাওয়ার অভিযোগটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
করুণানগর এলাকার প্রবীণ বাসিন্দা আবুল কালামও ঘটনাটিতে দুঃখ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, মা সন্তানদের ওপর বিশ্বাস রেখে ভবিষ্যতের চিকিৎসার জন্য টাকা জমা রেখেছিলেন। সেই টাকা নিয়ে এমন অভিযোগের ঘটনা অত্যন্ত কষ্টদায়ক।
অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি
জানা গেছে, আলাউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর এলাকার মৃত হানিফ বেপারীর বড় ছেলে। এ ঘটনার পর তাঁর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
লিখিত অভিযোগের পরামর্শ
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অসুস্থ মায়ের চিকিৎসার টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগটি তদন্তের প্রয়োজন রয়েছে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
-স্বাধীন/এস
মায়ের চিকিৎসার টাকা তুলে উধাও বড় ছেলে

