লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯৯ জন আটক
তিন দিনে জেলায় আটক ৫৪৭, ৪৬০ জনকে মুচলেকায় মুক্তি
লক্ষ্মীপুরের পাঁচ থানায় কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলায় আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, সর্বশেষ অভিযানে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জ থানায় ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৯ জন আটক হয়েছেন।
আটক ৯৯ জনের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়।
এ ছাড়া রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ২৬৬ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
-স্বাধীন/এস
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯৯ জন আটক

