দিনাজপুরে চেকপোস্টে পিস্তল-গুলিসহ দুজন আটক

প্রকাশঃ Sep 23, 2026 - 12:20
দিনাজপুরে চেকপোস্টে পিস্তল-গুলিসহ দুজন আটক

দিনাজপুর পৌরসভার সদর হাসপাতাল মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষার সময় একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর শহরের দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. হারুন (৫৫) এবং ষষ্টিতলা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের পরিদর্শক অমৃত কুমার, ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা এবং কনস্টেবল মেহেদী হাসান ও শাহনেওয়াজ।

ট্রাফিক ইন্সপেক্টর রাহিনুর ইসলাম খান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিলির মোড় থেকে একটি মোটরসাইকেল বালুবাড়ীর দিকে যাচ্ছিল। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা কাগজপত্র পরীক্ষার জন্য মোটরসাইকেলটি থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি থামাতে সক্ষম হন।

মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রতন। কাগজপত্র দেখতে চাইলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসা হারুনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ পুলিশের নজরে আসে। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগটি তল্লাশি করা হয়। পরে ব্যাগ থেকে একটি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়।

পরে রতনের পকেট তল্লাশি করে চার রাউন্ড গুলি পাওয়া যায়। ঘটনাস্থলের কাছেই দিনাজপুর কোতোয়ালি থানার একটি পুলিশ দল দায়িত্ব পালন করছিল। পরে দুই ব্যক্তি, মোটরসাইকেল, অস্ত্র ও গুলি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, মোটরসাইকেল, অস্ত্র ও গুলি কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।


-স্বাধীন/এস

দিনাজপুরে চেকপোস্টে পিস্তল-গুলিসহ দুজন আটক
লোগো
Sep 23, 2026

দিনাজপুরে চেকপোস্টে পিস্তল-গুলিসহ দুজন আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta