কক্সবাজারে দুই হাজার আইফোনসহ গ্রেপ্তার ৬ চীনা নাগরিক
কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে চীনের পুলিশের র্যাঙ্ক ব্যাজ, জাতীয় পতাকা এবং পুলিশ লোগোযুক্ত একটি টাইও উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজারের সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা, রামু ও উখিয়া উপজেলার সাগরতীরের কয়েকটি রিসোর্টে অবস্থান নিয়ে সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা চালিয়ে আসছিল।
অভিযানে চক্রটির আস্তানা হিসেবে ব্যবহৃত একটি হোটেলের ছয়টি সাউন্ডপ্রুফ কক্ষের সন্ধানও পায় পুলিশ। অনলাইন প্রতারণার অভিযোগে আটক ছয় চীনা ও তাইওয়ানিজ নাগরিককে গ্রেপ্তারের পর রামু থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে। পাশাপাশি ২৫০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে সেখানে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।
পুলিশের অভিযানে রিসোর্টের একটি হলরুম থেকে ১ হাজার ৯৩৮টি পুরনো মডেলের আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস এবং ২৪টি কানেকশন বোর্ডসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
-স্বাধীন/এমএ
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ গ্রেপ্তার ৬ চীনা নাগরিক

